ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার আওতাধীন ১৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার ( ১৯ অক্টোবর) বিকালে ৬ টার সময় পৌরসভার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে পূজামণ্ডপগুলোর জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার এ এস এম শাহাদাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত এবং পৌর প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী (লিমন)সহ অনেকে।
পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৭ হাজার টাকা করে অনুদান দেওয়ায় সংশ্লিষ্ট মন্দির কমিটির সদস্যরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






















