চট্টগ্রামে ৪ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি ২১
চট্টগ্রামে নতুন করে আরও চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ২৬ শিশু হামে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২১ শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুধবার চট্টগ্রাম বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২১ শিশু চট্টগ্রাম নগরীর বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে মোট ৯৬ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৩ শিশুকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে নতুন করে আরও ২১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে মোট ২৮২ জনের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হামের প্রকোপ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে হাম সন্দেহে কোনো রোগীকে ভোগান্তিতে পড়তে না হয়।
আমরা মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। মহানগর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।






















