পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন ‘ইফাস্ট-২০২৬’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আগামী ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজিস-২০২৬ (ইফাস্ট-২০২৬)’। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৭টি দেশের গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়েশিয়া, পের্লিস (ইউনিম্যাপ) যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের ৩৯টি সেশনে মোট ৩৭৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ২২৮টি সরাসরি, ৭৮টি অনলাইনে এবং ৬৯টি পোস্টার প্রেজেন্টেশন রয়েছে। সম্মেলনে উন্নত পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, জলবায়ু পরিবর্তনসহ বিজ্ঞানের বিভিন্ন আধুনিক ও উদীয়মান ক্ষেত্রের গবেষণা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
আগামী ২৭ জুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ। সমাপনী অনুষ্ঠানে, ২৮ জুন, প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মো. শামীম আহসান সম্মেলনের নেতৃত্বে রয়েছেন। আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা।
সম্মেলনে বিশ্বের খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষকেরা বক্তব্য রাখবেন। বক্তাদের মধ্যে রয়েছেন কেমব্রিজ ও সার্নের জ্যেষ্ঠ বিজ্ঞানী প্রফেসর ড. জন এলিস, মালয়েশিয়ার প্রফেসর ড. সাইদুর রহমান, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির ড. কেইওয়োশি এবং মার্সার ইউনিভার্সিটির প্রফেসর ড. রাকিবুল হাসানসহ আরও অনেক বিশিষ্ট গবেষক।
পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “পাবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন আমাদের গবেষণা সক্ষমতা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণ যৌথ গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, ‘ইফাস্ট-২০২৬’ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

























