ঠাকুরগাঁওয়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে বাধা, পুলিশের ওপর হামলা
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ দুইজনকে আটক করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চেক সংক্রান্ত একটি মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মো. সুমনকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সদর থানার একটি দল অভিযান পরিচালনা করে। বিকেল সাড়ে ৪টার দিকে কালিতলা বাজার এলাকায় তাকে আটক করার পর তার স্বজন ও সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের কাজে বাধা দেয়।
অভিযোগ রয়েছে, আসামির পরিবারের সদস্য ও কয়েকজন স্থানীয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। হামলায় অভিযানে নেতৃত্বদানকারী এএসআই মো. সারোয়ার জাহান এবং কনস্টেবল মো. আব্দুস সালাম আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা অতিরিক্ত ফোর্সের সহায়তা চান। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং হামলার শিকার সদস্যদের উদ্ধার করে। এ সময় এক নারীকে আটক করা হয়। তবে হামলায় জড়িত কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
আহত দুই পুলিশ সদস্যকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা থানায় ফিরে যান।
এ ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, আদালতের নির্দেশে আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে।






















