সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।
বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ধসের কারণে সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।
দ্বিতীয় দফার এই অভিযানের পর সাজেকে এখনো প্রায় ১০০ জন পর্যটক অবস্থান করছেন। তাদেরও পর্যায়ক্রমে নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বাঘাইহাট জোন।
এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধস, ভূমিধস এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে সাজেকে অবস্থান করা শত শত পর্যটক সেখানে আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী ধাপে ধাপে উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।





















