কুড়িগ্রামে যুবশক্তির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পেস কনফারেন্স সমাবেশ অনুষ্ঠিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জেলা যুবশক্তির পূর্ণাঙ্গ নবাগত আহ্বায়ক কমিটির পরিচিতি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুড়িগ্রামে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে জেলা শহরের জুলাই স্মৃতি স্তম্ভ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবশক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমান মাসুদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তারিকুজ্জামান তমাল। অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা যুবশক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমান মাসুদ বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো জনকল্যাণ। মাদক, চাঁদাবাজি এবং যে কোনো ধরনের অসামাজিক ও অপ্রীতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবশক্তি সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। তিনি আরও বলেন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এমন কর্মীদের আমাদের সংগঠনে কোনো স্থান নেই।
এরপর সদস্য সচিব তারিকুজ্জামান তমাল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কমিটিকে সব সময় সজাগ থাকতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজই হবে আমাদের মূল লক্ষ্য। কোনো মাদকাসক্ত ব্যক্তি বা অপরাধীর আমাদের যুবশক্তিতে কোনো ঠাঁই হবে না তিনি পরিস্কার করে বলেন।
অন্যান্য নেতৃবৃন্দ আরও বলেন, তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে কুড়িগ্রামের সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমকে বেগবান করাই এই কমিটির প্রধান লক্ষ্য। শোভাযাত্রার মাধ্যমে প্রদর্শিত এই ঐক্য ও উচ্ছ্বাস আগামী দিনে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশের ফলে পুরো শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।






















