কুড়িগ্রামে প্রকাশিত হলো ছাত্রলীগের জেলা কমিটি
আওয়ামিলীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল (২৮ জুলাই) মঙ্গলবার আনুমানিক রাত ১২ টার সময় এ কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। ছাত্রলীগির কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশিত হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে রাজু আহমেদ কে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাদ্দাম হোসেন নয়ন-কে। প্রকাশিত কমিটির তালিকায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও একাধিক পদে রাখা হয় দলের অন্যান্য নেতাকর্মীদের নাম। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশের পর কুড়িগ্রাম জেলা জুড়ে এ নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা-সমালোচনা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে তৎকালীন আওয়ামিলীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তীনকালীন সরকার আওয়ামিলীগের প্রধান অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনী বলে আখ্যায়িত করে ২০২৪ সালের ২৩ অক্টোবর দেশে ছাত্রলীগির কার্যক্রম নিষিদ্ধ করেন।
তারপর থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম। তবে জানা যায়, মাঠ পর্যায় সংগঠনটি নিয়ে প্রকাশ্যে কাজ করতে না পারলেও, বিভিন্ন বিকল্প পদ্ধতি অবলম্বন করে গোপনে তাদের দলীয় কার্যক্রম চালিছে আসছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নতুন কমিটি প্রকাশিত হওয়ার পর নবাগত কমিটির সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম জিহাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডিতে একটি পোস্টে দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। তিনি তার পোস্টে লেখেন, “বিগত সময় ছাত্রলীগ নানা ষড়যন্ত্রের মুখে পড়েও টিকে ছিলো। এবং বর্তমানেও আছে ভবিষ্যৎতেও থাকবে। কুড়িগ্রাম জেলার ছাত্রলীগের পূনাঙ্গ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
























