নওগাঁ-আত্রাই-রাণীনগর আঞ্চলিক সড়কে রাত্রীকালীন নিরাপত্তা টহল পরিদর্শনে পুলিশ সুপার
নওগাঁ-আত্রাই-রাণীনগর-নাটোর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত রাত্রীকালীন মোবাইল টহল কার্যক্রম পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মঙ্গলবার রাতে পুলিশ সুপার আত্রাই ও রাণীনগর থানা এলাকার বিভিন্ন সড়কে পরিচালিত মোবাইল পেট্রোলিং কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর সতর্ক নজরদারি, নিয়মিত টহল জোরদার এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া পুলিশ সুপার নিজে মহাসড়কে চলাচলরত গাড়িচালকদের সঙ্গে কথা বলে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, আইন মেনে চলাচল এবং যাত্রাপথে সতর্ক থাকার আহ্বান জানান।
একই সফরে তিনি আত্রাই ও রাণীনগর এলাকায় নির্মাণাধীন পুলিশ বক্স পরিদর্শন করেন। সেখানে চলমান কার্যক্রম পর্যালোচনা করে সেবার মান আরও উন্নত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত রাত্রীকালীন টহল কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

























