জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”।
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা সুনীল মণ্ডল, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, এনসিপির শহীদ পরিবারের সদস্য মাহমুদ হাসান, জুলাই যোদ্ধা সাকাওয়াত হোসেন এবং মোল্লা ইব্রাহিম।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।























