রামশিরা বাজারে পাইকার না আসায় বিপাকে কলা চাষিরা
আজ বুধবার রামশিরা বাজারে বসেছে সাপ্তাহিক বিশাল কলার হাট। প্রতি সপ্তাহে এ হাটে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ কলা নিয়ে আসেন স্থানীয় কলা চাষিরা। তবে পর্যাপ্ত পাইকারি ব্যবসায়ী না আসায় এবার কলা চাষিরা তাদের উৎপাদিত কলা ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন না।
চাষিরা জানান, বাজারে প্রচুর পরিমাণে কলা উঠলেও সে অনুযায়ী পাইকার না থাকায় অনেকেই কাঙ্ক্ষিত দামে কলা বিক্রি করতে পারছেন না। ফলে উৎপাদন ও পরিবহন খরচের তুলনায় কম দামে কলা বিক্রি করতে গিয়ে অনেক সময় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।
কলা ব্যবসায়ীদের বাজারে আসতে উৎসাহিত করতে ব্যবসায়ীদের সুবিধার্থে যাতায়াত খরচের ব্যবস্থা এবং হাসিল (বাজার ফি) ফ্রি করে দিয়েছে রামশিরা বাজার কমিটি। বাজার কমিটির এমন উদ্যোগে স্থানীয় কলা চাষি ও ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে কলা চাষিদের সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রামশিরা বাজার কমিটির সভাপতি শেখ রুবেলের নেতৃত্বে পাইকারি ব্যবসায়ীদের উপস্থিতি বাড়ানো এবং চাষিদের উৎপাদিত কলার ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় কলা চাষিরা জানান, নিয়মিত পর্যাপ্ত পাইকারি ব্যবসায়ী বাজারে এলে কলা বিক্রিতে গতি আসবে এবং তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন। তারা বাজার কমিটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

























