মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব: তাইন্দংয়ে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ
মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বটতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বটতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জার্সি বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, তাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম, তবলছড়ি গ্রিন হিল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, তাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পারভেজ হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। নতুন জার্সি পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
























