নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাতের শেষভাগে, ৩১ আগস্ট ২০২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ডিবি পুলিশের কাছে খবর আসে, নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে।

সংবাদের ভিত্তিতে অভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭)-এর বাড়িতে অভিযান চালায়। পরে তার শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

তল্লাশিতে ১১টি পোটলায় মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। জেলা পুলিশের দাবি, দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।