জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির রহমান খান, শিক্ষক নেতা সদেরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চিন্তা তরুণ সমাজকে দেশপ্রেম, ন্যায়বিচার, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির সৃষ্টিকর্ম ও আদর্শ সম্পর্কে জানার পাশাপাশি তা নিজেদের জীবনে ধারণ করার সুযোগ পাবে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।