দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনাল সংলগ্ন দিনাজপুর রোডে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাহাঙ্গীর। তিনি পার্বতীপুর উপজেলার ছোট হরিপুর, কবিরাজপাড়া এলাকার জসিম মাস্টারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জাহাঙ্গীর মোটরসাইকেলযোগে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বা ব্রেক ফেল করে মোটরসাইকেলটির ওপর বাস চালিয়ে দেন বলে স্থানীয়দের দাবি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর বাসটির মালিকপক্ষকে ঘটনাস্থলে আসার জন্য বলা হলেও তারা নানা অজুহাত দেখিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। তবে এ বিষয়ে মালিকপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।