নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এখনো দুই দেশে নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন।
নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, দেশটিতে ৯৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে অনেককে। ফলে নিখোঁজের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৬ জনে। অপরদিকে তিব্বতে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনে আজও উদ্ধার অভিযান চলছে। বিপুলসংখ্যক মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। তারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন। অন্যদিকে চীনের তথ্যমতে, তিব্বতে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।
গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে বন্যায় নিহতদের মরদেহ ভেসে কয়েকশ মাইল দূরে চলে যায়। পর্যাপ্ত হিমঘর বা ফ্রিজার না থাকায় মরদেহ সংরক্ষণে হিমশিম খাচ্ছে নেপাল কর্তৃপক্ষ।
এ কারণে আপাতত মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে গণকবরে দাফন করা হচ্ছে। পরবর্তীতে পরিচয় শনাক্ত হলে কবর থেকে মরদেহ তুলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি