নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্ব পাবই গ্রামে পুকুরের পানিতে ডুবে সৃজন সূত্রধর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সৃজন সূত্রধর স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে ফুটবল খেলছিল সৃজন। খেলার একপর্যায়ে তার বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যদের ধারণা, বলটি আনতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।

পরে সৃজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় এক নারী পুকুরে গোসল করতে গিয়ে পানির মধ্যে শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সৃজনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।