নওগাঁর রাণীনগরে চার্জার ভ্যানযোগে বাংলা মদ বহনের সময় মো. সোহাগ (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে ২৮ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর কাশিমপুর ইউনিয়নের কুবরাতলী বাজারে এ ঘটনা ঘটে। আটক সোহাগ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে চার্জার ভ্যান ও একটি ব্যাগ নিয়ে সোহাগকে বাজারের বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নিয়ে কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বাজারের লোকজন তাকে ধাওয়া করে আটক করে এবং ব্যাগ তল্লাশি করে ২৮ বোতল বাংলা মদ উদ্ধার করেন।
খবর পেয়ে ২ নম্বর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেসুর রহমান বাবু ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মণ্ডলকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে সোহাগকে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, কুবরাতলী বাজারের মো. হারুন কসাই ও মো. কাইয়ুম ছাগল ব্যবসায়ী এসব মদ নওগাঁ থেকে নিয়ে এসেছেন বলে সোহাগ দাবি করেছেন। তবে তারা এ অভিযোগ অস্বীকার করে জানান, মদের বিষয়ে তারা কিছুই জানেন না। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেসুর রহমান বাবু বলেন, “আমার এলাকায় কে মাদক বিক্রি করছে বা কে মাদক সেবন করছে—এ বিষয়ে তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তিনি আরও বলেন, যেখানে মাদক বিক্রি ও সেবন হবে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়েও রাণীনগরে মাদকবিরোধী অভিযানে বাংলা চোলাই মদসহ আটকের ঘটনা ঘটেছে।