চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সংবাদ ব্রিফিংয়ে তারা এ ঘোষণা দেন।
ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে মামলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য, মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার পর তার স্বজনেরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা করেন। মারা যাওয়া রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। কিৎসকেরা তাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। রাত ১০টার দিকে রোগী মারা যাওয়ার পর স্বজনেরা হামলা চালান।
তারা দাবি করেন, এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।
সংবাদ ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকেরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করা, হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তার জন্য আনসার সদস্যের সংখ্যা বৃদ্ধি করা, হাসপাতালের শয্যাসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া এবং একজন রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন বা এটেনডেন্ট থাকতে না দেয়া।
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন রিতুল মণ্ডল স্নিগ্ধ, অর্পণ দত্ত, মেহেরুপ হোসেন পৃথিবী ও আহসান জারিফ।
এর আগে মঙ্গলবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জনের বেশি আহত হন।
ঘটনার পর রাত ১২টা থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবারও তাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।