ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে নদীতে ডুবে মো. হোসাইন (৫) নামে এক শিশুর ম র্মা ন্তি ক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের বাংরোট গ্রামে ভুল্লী নদীর সুইজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে কয়েকজন শিশুর সঙ্গে খেলতে গিয়ে ভুল্লী নদীর নতুন সেতুর পাশে যায় হোসাইন। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায় সে। ওই সময় আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে হোসাইনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় পর নদী থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।