বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এমপি। তিনি বলেছেন, ‘দেশের অর্থনীতির এমন অবস্থা করে গেছে যে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হচ্ছে।’
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ সেতুর জন্য ভোলার প্রতিটি মানুষ আন্দোলন করেছে। আমরাও কাজ করেছি, আন্দোলন করেছি। সরকার বিষয়টি দেখছে।’
তিনি বলেন, ‘সরকার নিজস্ব অবস্থান থেকে বিকল্প বিষয়ও বিবেচনা করছে। হিজলা-মুলাদী হয়ে সরাসরি শরীয়তপুর হয়ে ঢাকায় গেলে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে—এ বিষয়টিও সরকার বিবেচনায় রাখছে।’
সেতু নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্ত করবেন না। আমরা সবাই ভোলার উন্নয়ন চাই। কোনটি হবে, কোনটি হবে না—এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। বিশেষজ্ঞরা বিষয়টি দেখছেন। কোনটি হলে ভোলার জন্য ভালো হবে, তারাই সেটি নির্ধারণ করবেন।’
তিনি আরও বলেন, ‘সরকার একটি বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন বিষয় বিবেচনা করছে। আমরা সরকারের হয়ে কাজ করছি। ভোলার মানুষের জন্য যেটা ভালো হবে, জনগণকে সঙ্গে নিয়ে সেটাই করব, ইনশাআল্লাহ। আমরা ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করব।’
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু ২০০৬ সালে ইন্তেকাল করেন। এরপর আমি রাজনীতিতে আসি। সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। মঈনউদ্দীন-ফখরুদ্দীন সরকারের সময়ে জাতীয়তাবাদী শক্তির ওপর অনেক অন্যায়-অত্যাচার হয়েছে। একটি বিশেষ পরিস্থিতির মধ্যে আমাকে চলতে হয়েছে।’
তিনি বলেন, ‘সেই সময়ে বাংলাদেশে আমাকে কেউ চিনত না। তখন আমার একটাই পরিচয় ছিল—আমি নাজিউর রহমান মঞ্জু মিয়ার ছেলে। এরপর ১৮ বছর রাজনীতি করেছি। ওই সময়ে অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম। কিন্তু সবকিছু বাদ দিয়ে জেল-জুলুম মাথায় নিয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম।’
প্রথমবার নির্বাচনী এলাকায়
মন্ত্রী হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় সফরে আসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এমপি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ড. এ কে এম তাজকির-উজ-জামান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ৬টায় রাজধানীর গুলশান-২ এলাকা থেকে সড়কপথে ভোলার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মন্ত্রীর। সকাল ১১টার দিকে ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সফরসূচিতে বিলম্ব হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তিনি ভোলা খেয়াঘাটে পৌঁছান।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা শাখার সভাপতি মো. আমিরুল ইসলাম রতনের নেতৃত্বে বিজেপির নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষও তাকে স্বাগত জানান।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ছবি: সংযুক্ত
মোঃ সুলাইমান
ভোলা