দক্ষিণবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এন এস (আইইউসানস)-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রেজাউল ইসলাম রাকিব।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ অলী উল্ল্যাহ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামছুল হক সিদ্দিকী, প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাতুল্লাহ শেখ এবং সভাপতি এস এম শামীমের স্বাক্ষরিত সংগঠনটির অফিশিয়াল প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব বলেন, “আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় সংগঠনের সিনিয়র ও সাবেক নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিভাজন নয়, বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়—মধ্যমপন্থা ও পারস্পরিক শ্রদ্ধার নীতি অবলম্বন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের কল্যাণ ও পারস্পরিক ভ্রাতৃত্বই হবে আমাদের কার্যক্রমের মূল ভিত্তি।”
নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে হযরত কায়েদ সাহেব হুজুরের অমিয় বাণীকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আমাদের প্রিয় ঝালকাঠি এন এস কামিল মাদরাসার সুনাম ও সুখ্যাতি আরও বিস্তৃত করাই আমাদের লক্ষ্য।”
প্রসঙ্গত, এ সংগঠনটি ২০১৬–১৭ শিক্ষাবর্ষে আতিকুর রহমানকে সভাপতি এবং সাইফুদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝালকাঠি এন এস কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আকিব হাসান
ইসলামী বিশ্ববিদ্যালয়