ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে ও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে পারেন, বর্তমান সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সরকারের ভালো কাজগুলো যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি সরকারের ভুলত্রুটি ও বিভিন্ন বিষয়ে গঠনমূলক সমালোচনাও করতে হবে। সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা সরকারের থাকতে হবে।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি কখনো গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা তার নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন—এটাই তিনি চান।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে বিভিন্ন তথ্য প্রকাশ ও সংবাদ প্রচারের কারণে অনেক সাংবাদিক মামলা, হয়রানি ও নানা ধরনের চাপের মুখে পড়েছেন। ওই পরিস্থিতি থেকে দেশকে বের করে এনে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করতে চায়।
নিজের মন্ত্রী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন—এ বিষয়টি তিনি নিজেও আগে জানতেন না।
মতবিনিময় সভায় ভোলার সাংবাদিকরা স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
সভায় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোলা জেলা প্রতিনিধি
মোঃ সুলাইমান