দিনাজপুরের ফুলবাড়ীতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এসআর উদ্দীন (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী রেলস্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআর উদ্দীন ফুলবাড়ী পৌরসভার তেঁতুলিয়া (তালের ডাঙ্গা) এলাকার বাসিন্দা। তিনি ময়েজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেলগুমটি থেকে প্রায় ৩০ হাত ভেতরে পশ্চিম দিক থেকে রেললাইন পার হয়ে পূর্ব দিকে যাওয়ার সময় তিনি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানার এসআই ফারুকসহ সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।