ময়মনসিংহের ত্রিশালে ৪০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ মো. জয়নাল আবেদীন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯ নম্বর বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় জয়নাল আবেদীনের কাছ থেকে ৪০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। গ্রেপ্তার জয়নাল গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আমীর উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান প্রয়োজন।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় তারা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি