নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
রাত ৯টা ১৫ মিনিটের দিকে পোরশা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় মাদক বিক্রির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতাররা হলেন—মোঃ রমজান আলী (৩১) ও মোঃ ফিরোজ কবির (২৯)। তারা উভয়েই নোচনাহার (কাচারীপাড়া) এলাকার বাসিন্দা এবং তাদের পিতা মোঃ আবু তালেব।
পুলিশের দাবি, গ্রেফতারের পর রাত ৯টা ৫০ মিনিটে তাদের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৯ পিস ও ৩০ পিস—মোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ২০ হাজার ৭০০ টাকা।
পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।