পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের কারণে তেলের সংকট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি আয়োজন করা অযৌক্তিক।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারাই তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।