নাগেশ্বরী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ বোতল ইস্কাফসহ মো. মজনু মিয়া মজু (৪০) নামের এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। ​গোপন সংবাদের ভিত্তিতে অদ্য বিকেল সাড়ে চার ঘটিকার (১৬.৩০ ঘটিকা) সময় রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় গ্রামে এই অভিযান চালানো হয়। আটককৃত মজনু মিয়া ওই গ্রামের মৃত আনছার আলীর পুত্র।

​পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল—এমন গোপন খবরের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি বিশেষ টিম সাহাটারী দীঘিরপাড় এলাকায় মজনু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৪০ বোতল নিষিদ্ধ ইস্কাফ উদ্ধার করা হয়।

​এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক প্রধান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ইস্কাফসহ মজনু মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে নাগেশ্বরী থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”