ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের তেতুলিয়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তেতুলিয়া গ্রামের তরিকুল ইসলামের বাড়ির প্রায় ১০০ গজ পশ্চিমে ঢোলইগামী কাঁচা সড়কে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম সদর উপজেলার তেতুলিয়া কাচনা গ্রামের মৃত ছলিফ উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, মাদকের বিস্তার রোধে এবং মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৮০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।