বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বইছে নতুন এক ট্রেন্ডের হাওয়া। নেটিজেনরা যেন হুট করেই ফিরে গেছেন আশির দশকে। ফেসবুক খুললেই টাইমলাইনে ভেসে উঠছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার কিংবা ভিন্টেজ ফটোশুটের আদলে তৈরি ছবি।

ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট আর রেট্রো হেয়ারস্টাইল—আশির দশকের সেই নান্দনিকতাই এখন নতুন করে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের বর্তমান ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বদলে নিয়ে নেটিজেনরা দেখছেন, চার দশক আগে সেই স্নিগ্ধ ও ভিন্টেজ ফ্রেমে তাদের কেমন দেখাত।

ডিজিটাল নস্টালজিয়ার এই ঢেউ থেকে বাদ পড়েননি দেশের বিনোদন জগতের তারকারাও। নতুন এই ট্রেন্ডে নজর কেড়েছেন অভিনেত্রী পূর্ণিমা, সাফা কবির, তমা মির্জা, তাসনিয়া ফারিণ, বিদ্যা সিনহা মিম, তৌসিফ মাহবুব, আরশ খান, জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকে।

নজরকাড়া একটি ছবি প্রকাশ করে চিত্রনায়িকা পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড।’ একইভাবে নিজের রেট্রো মেকওভারের ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে তমা মির্জা লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’

অভিনেত্রী তানজিকা আমিনও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘গা ভাসাইলাম।’

আশির দশকের আবহে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন অভিনেত্রী সাফা কবির ও তাসনিয়া ফারিণও। সাফা কবির তাঁর আশির দশকের লুকের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’

অন্যদিকে তাসনিয়া ফারিণও এই ডিজিটাল নস্টালজিয়ায় সামিল হয়েছেন। তাঁর মন্তব্যে ফুটে উঠেছে খানিকটা স্মৃতিকাতরতা—‘ভালোই হতো।’

সব মিলিয়ে আশির দশকের ফ্যাশন, সিনেমা ও নান্দনিকতার প্রতি নতুন প্রজন্মের আগ্রহই যেন আবারও চোখে পড়ছে এই ট্রেন্ডে। এআই প্রযুক্তির মাধ্যমে পুরোনো সময়ের সেই আবহকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনার পাশাপাশি তারকারাও নিজেদের ভিন্ন এক রূপে উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।