কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁর মেয়ে তানি। বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, সামান্য অর্থ উপার্জনের আশায় কিছু ব্যক্তি এআই-নির্ভর ভিডিও, ছবি ও মিথ্যা সংবাদ তৈরি করে ছড়িয়ে দিচ্ছেন। এসব ভুয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রিপোর্ট করার কথাও জানিয়েছেন তিনি।
রুনা লায়লার অনুসারীদেরও ভুয়া কনটেন্ট ছড়ানো সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো রিপোর্ট করার আহ্বান জানান তানি।
তিনি লেখেন, “আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।”
মায়ের মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এমন গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ ও কষ্ট প্রকাশ করে তানি বলেন, “তারা জীবিত আছেন! আর সহ্য করা যাচ্ছে না।”
গণমাধ্যমের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রুনা লায়লাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করে যথাযথ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন তানি।
দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে রুনা লায়লা অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তাঁর মতো কিংবদন্তি শিল্পীকে নিয়ে মৃত্যুর মতো মিথ্যা ও স্পর্শকাতর তথ্য ছড়িয়ে পড়াকে পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও অসম্মানজনক বলে মনে করছেন তাঁর মেয়ে।
এদিকে সাম্প্রতিক সময়েও সংগীতের বিভিন্ন আয়োজনে সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে আয়োজিত দুটি কনসার্টে গান পরিবেশন করেন তিনি। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক গানের অনুষ্ঠানেও অংশ নেন এই কিংবদন্তি শিল্পী। পাশাপাশি বাছাই করা কয়েকটি স্টেজ অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেছেন তিনি।