জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬৫৬ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, মোবাইল ফোন ও দেশীয় ধারালো অস্ত্রসহ উম্মে হাবিবা নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী শাহীন আলম (৩৮) পালিয়ে যান।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী পশ্চিম উচনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিজিবি।
বিজিবি জানায়, অভিযানে শাহীন আলমের কক্ষ থেকে সীমান্তপথে আনা ৬৫৬ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি লোহার তৈরি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, পলাতক শাহীন আলম দীর্ঘদিন ধরে কথিত সাংবাদিকতার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভারত সীমান্ত দিয়ে অবৈধ মাদক চোরাচালান চক্র নিয়ন্ত্রণ করে আসছিলেন। একই সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় এবং বাংলাদেশের স্পর্শকাতর ও গোপনীয় তথ্য পার্শ্ববর্তী দেশে পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, যৌথ অভিযানের সময় শাহীন আলম পালিয়ে যান। এ সময় তাঁর স্ত্রী উম্মে হাবিবাকে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। টাস্কফোর্সের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে পলাতক সাংবাদিক ও মাদক ব্যবসায়ী শাহীন আলমকে পলাতক আসামী করা হয় এবং আটকৃত তার স্ত্রী উম্মে হাবিবাকে আসামী করে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল, নগদ অর্থ ও অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হবে বলে ২০ বিজিবি সূত্রে জানা যায়।