লালমনিরহাট সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টা ৪০ মিনিটে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে রাজু আহম্মেদ নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শোয়ার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় কর্নপুর গ্রামের মোঃ আপ্তার আলীর ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৫) এবং একরামুল হকের ছেলে শাহজাদা ইসলাম ওরফে শাওন (৩৭)-কে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ কর্তৃপক্ষ জানায়, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো অপরাধ বা মাদকের তথ্যের জন্য তারা ‘৯৯৯’ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।