ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কোডিন ফসফেটযুক্ত মাদকসহ মো. লতিফর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকায় লতিফর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতঘরের খাটের নিচে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মাদকের মধ্যে ২০ বোতল ফেন্সিবিল সিরাপ, যার পরিমাণ ২ লিটার এবং ২৫ বোতল এসকাফ সিরাপ, যার পরিমাণ ২ দশমিক ৫ লিটার। সব মিলিয়ে ৪ দশমিক ৫ লিটার বাদামি রঙের তরল পদার্থ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান।

এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।