সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহনের কাগজপত্র যাচাই, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা।
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানা চেকপোস্ট এলাকায় টাস্কফোর্সের অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জৈন্তাপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
অভিযানকালে সিলেট-তামাবিল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় কাগজপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় নথি না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৬টি মামলা দায়ের করা হয়। পরে মামলাগুলোর বিপরীতে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করা, বৈধ কাগজপত্র যাচাই এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।