বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আজিজুল হকের ছেলে বাদশা (৪৫) এবং গোপালনগর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের নবির মণ্ডলের ছেলে রবিন মণ্ডল (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবনের দায়ে বাদশাকে তিন মাস এবং রবিন মণ্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডাদেশের পর দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।