জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘Transitional Justice in the 21st Century: Truth, Accountability & the Path to Reconciliation’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আইন ও বিচার বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ভারতের পাঞ্জাব থেকে আগত দিল্লি হাইকোর্টের মেধাবী আইনজীবী ও মানবাধিকারকর্মী কাওয়ালপ্রীত করকে সেমিনারের বক্তা হিসেবে রাখা অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে। তাঁর কাছ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ন্যায়বিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’—এটি একটি জনপ্রিয় স্লোগান। আমরা সবাই ন্যায়বিচার চাই। তবে নিজেদের স্বার্থের বিরুদ্ধে রায় গেলে অনেক সময় তা মেনে নিতে পারি না। পরিবর্তিত সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে মব তৈরি হতে দেখেছি, যেখানে আবেগ কাজ করেছে। কিন্তু আবেগ অনেক সময় ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আবেগের কোনো স্থান নেই।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ভবিষ্যৎ পেশাগত জীবনে শুধু অর্থের দিকে না তাকিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। অর্থের অভাবে অনেক মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ভারতের দিল্লি হাইকোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী কাওয়ালপ্রীত কর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম।

এ সময় আইন ও বিচার বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।