দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে (১২ সেপ্টেম্বর) শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
কর্মসূচির আওতায় ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে এ কার্যক্রমে অংশ নিতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন, স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি হাট-বাজারসহ বিভিন্ন জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ তিন মাসের এ কর্মসূচির মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মানসুরা মরিয়ম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বালিঘাটা (গোহাটি) আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নুল আবেদীন, শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।