নেত্রকোনার পূর্বধলায় সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝাড়ু, ও ময়লা ফেলার বস্তা নিয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে কেবল সরকারের ওপর নির্ভর করলেই চলবে না, আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গু প্রতিরোধে সফল হতে পারব।”
কর্মসূচি শেষে উপস্থিত সকলেই নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন।