দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির সারা দেশে একযোগে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী,
এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এর নেতৃত্বে চরজব্বার থানার মোড়, সুবর্ণচর প্রেসক্লাব প্রাঙ্গণ ও হারিছ চৌধুরী বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে এ সময় বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, বাজার কমিটির সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অভিযানে অংশগ্রহণকারী উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন এর সভাপতি মোহাম্মদ আব্দুল বারী বাবলু বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজননস্থল কমানোর পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে হ্রাস করা সম্ভব।
এ সময় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়িঘর, রাস্তা, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। মশার বংশবিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।