কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলায় সার সংকটের জেরে স্থানীয় কৃষকদের সড়ক অবরোধ ও উপজেলা কৃষি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার ঘটনায়, উপজেলার কৃষি অফিসার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামায় ৫০-৬০ জনের কথা উল্লেখ থাকায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার ও হয়রানি ভয়ে স্থানীয় নিরীহ কৃষকদের কপালে পড়েছে আতঙ্কের ছাপ। কৃষকদের দাবি, সার চাওয়া কী আমাদের অপরাধ। আমরা কৃষকের ন্যায্য অধিকার আদায়ের জন্য গিয়েছি। সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য নয়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সোমবার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইয়েরকুটি মৌজায় বিএডিসি সার ডিলার মেসার্স আফি সার ঘরের গুদামের সার বিতরণের সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে একপর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের অবরুদ্ধ করে সড়কের আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় কৃষকরা। পরিস্থিতি সামাল দিতে মুঠোফোনে উপজেলার ইউএনও এবং অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনায় ভূরুঙ্গামরী থানায় বাদী হয়ে মামলা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, ঘটনার সময় তাকে এবং তার সহকর্মীদের কিল-ঘুষি করা হয়েছে এবং অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এ সময় তার সাথে থাকা সহকারীগণ তাকে নিরাপদে নিয়ে গেলেও বিক্ষুব্ধ কৃষকরা তাকে উদ্দেশ্য করে প্রাণনাশের হুমকি দেন এবং রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ দিকে মামলায় ভয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় অসংখ্য কৃষকরা। তারা বলেন নিরীহ কৃষকদের অধিকার আদায়ে হয়রানি ও ভোগান্তি শিকারের জন্য এই মামলা করা হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দীন বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রকৃত দোষীদের ভিডিও ফটেজের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কৃষকদের কোন ভয় বা হয়রানি হওয়ার কোন সুযোগ নেই।