ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো রাজারামপুর এলাকার মৃত সিরাজ উদ্দিনের তিন ছেলে নাসিরুল ইসলাম (৪০), নজমুল ইসলাম (৩৭) ও আবু জাহেদ (৩৫)-এর পরিবার।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ ওই বাড়িগুলো থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে বোদা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ নগদ অর্থ পুড়ে গেছে। এতে তিন পরিবারের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাংবাদিক মো. আহসান হাবিব মাস্টার, রুহিয়া থানা পুলিশের সদস্য, রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা বিবেচনা করে দ্রুত সরকারি ও বেসরকারিভাবে সহায়তার ব্যবস্থা করার দাবি জানান স্থানীয়রা।