বরগুনার আমতলীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ সময় এক নারী ও তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই পরিবারের প্রধান হিসেবে পরিচিত বাইজিদ হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন বাইজিদ হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (৩৫) ও তাঁর ছেলে সানাউল্লাহ (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, চরকগাছিয়া গ্রামের বাইজিদ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বাইজিদের বাড়িটিতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।