দুর্গম পার্বত্য এলাকার জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
দিনব্যাপী এ কার্যক্রমে দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ৮৬১ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের জেলা সদর হাসপাতালে আনার ব্যবস্থা করা হয়। এতে দুর্গম এলাকার মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের সুযোগ সহজতর হয়।
স্থানীয়দের মতে, ভৌগোলিক ও যোগাযোগগত সীমাবদ্ধতার কারণে দুর্গম পার্বত্য এলাকার অনেক মানুষ নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগের ফলে তাঁরা নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।