ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ী প্রেসক্লাবের সামনে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও।

রোববার (১৩ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১ পিস টাপেন্টাডল, ১০ গ্রাম গাঁজা ও ৫০০ মিলিলিটার চোলাই মদ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. সাফায়েত হোসেন (২৯), মো. হাইয়ুম সরকার (৪০), মোহাম্মদ আলী (২০) ও মো. রিয়াদ (২৩)। তারা ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহারুল আলম ও মো. ইমরান কবিরের নেতৃত্বে আদালত সাফায়েত হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে চারজনকে মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।