বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা ও কম্পিউটার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) আলীকদম সেনাজোনের উদ্যোগে মুরুং কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফরহাদুর রহমান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদমের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম এবং মুরুং কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ইয়ংলক মুরুং।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুর্গম পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্গম এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের সুযোগ আরও প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।