বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তংমক পাড়া এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে রুমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে রুমা থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রায় চার মাস আগে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে কিশোরীকে একা পেয়ে একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তার বন্ধু উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী জানায়, লোকলজ্জা ও মানসম্মানের ভয়ে দীর্ঘদিন বিষয়টি কাউকে জানায়নি। পরে চার মাস পর অভিযুক্তরা তাকে গর্ভপাত করানোর পর বিষয়টি পরিবারের কাছে জানায় সে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর কিশোরীকে চিকিৎসার জন্য প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, রুমা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।