পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে পরিবহন ও মজুদ করা রাসায়নিক সারের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ভ্যান থেকে ৩৫ বস্তা এবং একটি বাড়ি থেকে আরও ২৩ বস্তাসহ মোট ৫৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে রাসায়নিক সার শালবাহান হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ভ্যান তিনটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিনটি ভ্যান থেকে মোট ৩৫ বস্তা সার জব্দ করেন। পরে সেগুলো উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় প্রত্যেক ভ্যানচালককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ঘটনায় সার সরবরাহকারী প্রতিষ্ঠান রেশমা ট্রেডার্স, তিরনইহাটের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ভ্যানচালক ছানোয়ার হোসেন জানান, তিরনইহাট এলাকার রিপনের বাড়ি থেকে সারগুলো ভ্যানে তুলে শালবাহান হাটের ধানবাজার এলাকার হারুনের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল।
এদিকে ওই রাতেই অবৈধভাবে সার মজুদের অভিযোগে পৃথক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২৩ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুদের দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে পরবর্তীতে সাধারণ কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।
উপজেলা প্রশাসনের এমন অভিযানকে কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কৃষি মৌসুমে সার পরিবহন ও মজুদের ক্ষেত্রে নিয়মবহির্ভূত কার্যক্রম ঠেকাতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
ইউএনও আনোয়ার হোসাইন জানান, কৃষকদের স্বার্থ বিবেচনায় অবৈধভাবে সার পরিবহন, মজুদ ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।