আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত অংশীজনদের নিয়ে আমরা একটি সভা করব। সভা থেকে কমিশন যে ইনপুট পাবে, তার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে।’
ইসি সচিব আরও বলেন, সভার পর ওইদিনই এ বিষয়ে সাংবাদিকদের আপডেট তথ্য জানানো হবে। ইনপুট পাওয়ার পর কমিশনই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
দুপুর সাড়ে ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ-৫২০, নির্বাচন ভবন, আগারগাঁওয়ে সভাটি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।