নওগাঁর ধামইরহাটে পাঁচ বছর বয়সী এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি উপজেলার ধামইরহাট ইউনিয়নের রূপনারায়ণপুর (শল্পী) গ্রামের খাটাপাড়া এলাকার বলে জানা গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের লোকজন জানান, ঘটনার পর থেকে শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। পাশাপাশি তার মধ্যে মানসিকভাবে ভীতসন্ত্রস্ত থাকার লক্ষণও দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে কথা বলা ও চলাফেরার ক্ষেত্রেও সে ভীত হয়ে পড়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে গা*/ছের সঙ্গে বাঁ*/ধা অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিশুটির পরিবারের সদস্যরা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং শিশুটির ওপর যারা নির্যাতন চালিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এদিকে, ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
শিশুটির বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।