বরগুনার আমতলীতে বিক্রির জন্য খাঁচায় আটকে রাখা সাতটি পাখি উদ্ধার করে বনে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার একটি পাখির দোকান থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পাখির মধ্যে দুটি টিয়াপাখি, দুটি অস্ট্রেলিয়ান ঘুঘু এবং তিনটি দেশি ঘুঘু রয়েছে।

উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক জানান, পটুয়াখালী অ্যানিম্যাল লাভার্স টিমের সদস্য মো. আমিরুল ইসলাম ও তুষার আহমেদের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজারের ‘পাখি সাজঘর’ নামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের মালিক মো. কবির হোসেন ওরফে ‘পাখি কবিরের’ কাছ থেকে খাঁচায় আটক সাতটি পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নেওয়া হয়।

পটুয়াখালী অ্যানিম্যাল লাভার্সের আমতলী উপজেলা টিম লিডার মো. আমিরুল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসনের সহযোগিতা আমাদের কাজে অনুপ্রাণিত করে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ১৮(ক) ধারায় বন্য প্রাণী শিকার, ধরা, ক্রয়-বিক্রয়, জবরদখলে রাখা ও পাচার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে দোকান মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরে উদ্ধার করা সাতটি পাখি বনে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, পাখি ও অন্যান্য বন্য প্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বন্য পাখি বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।